ট্রলার বিকল হয়ে ৩ দিন ধরে সাগরে ভাসছিলেন ১৭ জেলে, পরে উদ্ধার

ট্রলার বিকল হয়ে ৩ দিন ধরে সাগরে ভাসছিলেন ১৭ জেলে, পরে উদ্ধার
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ট্রলার বিকল হওয়ায় তিন দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে গভীর সাগরের দুবলার চর এলাকা থেকে তাদের উদ্ধার করে খুলনার পশ্চিম জোনের কোস্টগার্ড। বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলারের মালিক বেল্লাল হোসেন জানান, পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে ‘এফবি জাহান’ নামের ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয়। এর দুই দিন পর, গত বুধবার রাতে পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের প্রায় ১০০ কিলোমিটার গভীরে অবস্থানকালে সাগর উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের আঘাতে পেছনের পাখা ভেঙে ট্রলারটি বিকল হয়ে পড়ে।

যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় সাগরে তিন দিন ধরে ভাসতে ভাসতে ট্রলারটি সুন্দরবনের দুবলার চর এলাকায় পৌঁছায়। এরপর শনিবার বিকালে জেলেরা মুঠোফোনের মাধ্যমে ট্রলার মালিককে তাদের বিপদের কথা জানাতে সক্ষম হন। ট্রলারের মালিক তাৎক্ষণিকভাবে বিষয়টি মৎস্যজীবী ট্রলার মালিক সমিতিকে অবহিত করলে তারা কোস্টগার্ডের সাহায্য চান। খবর পেয়ে খুলনার পশ্চিম জোনের কোস্টগার্ডের একটি দল দ্রুত অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় ১৭ জেলেসহ বিকল ট্রলারটি উদ্ধার করে।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কোস্টগার্ড খবর পেয়ে ভাসমান জেলেদের উদ্ধার করে। জেলেরা সবাই সুস্থ আছেন। রোববার দুপুরের দিকে তাদের বিএফডিসিতে নিয়ে আসা হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে আরও সময় লাগতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad