অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা সকলের পাশে আছি।‘
তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম, নৃতাত্তিক জাতি-গোষ্ঠী, সকল ধর্মের মানুষ যেন তাদের নিজস্ব ধর্ম পালন করতে পারেন, সে জন্য আমরা প্রস্তুত। অতীতে যেমন ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।’
খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গির্জা এবং মাজার যারা ধ্বংস করতে চায়, তারা জাতির শত্রু। তারা অপরাধী, এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
এ ছাড়া, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা, বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা ও কঠিন চীবর দান উৎসবের সফল আয়োজনের জন্য সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তিনি জানান, এই বছর দুর্গাপূজা এবং প্রবারণা উৎসবের জন্য যথেষ্ট বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে সব ধর্মের মানুষ সুন্দরভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। নিরাপত্তার বিষয়েও সরকার সতর্ক রয়েছে এবং গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে সক্রিয় রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।
সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম খন্দকার ইখতেখারুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, খাগড়াছড়ি জোন কমান্ডার খাদেমুল ইসলাম এবং জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এর আগে, উপদেষ্টা মানিকছড়ি উপজেলায়ও একটি সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণ করেন।


