মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে অনুষ্ঠিত গণভোটে এক লাখের বেশি ব্যালট বাতিল হয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোট আট লাখ ৮২ হাজার ৬৩৯ জন ভোটার গণভোটে অংশ নেন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে চার লাখ ৪৫ হাজার ৭৪৩টি এবং ‘না’ ভোট পড়েছে তিন লাখ ৩৩ হাজার ৭৬৬টি।
তবে এক লাখ তিন হাজার ১৩০টি ব্যালট বাতিল করা হয়েছে, যা মোট প্রাপ্ত ভোটের প্রায় ১১ দশমিক ৭ শতাংশ। নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো সিল না থাকা বা একাধিক স্থানে সিল দেওয়ার কারণে এসব ব্যালট বাতিল হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, গণভোটে সাধারণত দুটি বিকল্প থাকায় ব্যালট নষ্ট হওয়ার হার তুলনামূলক কম হওয়ার কথা।
তবে নির্দেশনা না বোঝা, অসাবধানতাবশত একাধিক স্থানে সিল দেওয়া বা ব্যালটে সঠিকভাবে সিল না দেওয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে।


