রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের ৭ নং সেক্টরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় ৩৫টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার পর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।


