ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুই গণপিটুনির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকালে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তিরা হলেন হানিফ (২২) ও সুজন (২৩)। আহত শরিফ (২২) ও ফয়সালকে (২৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মো. আশরাফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় লোকজন দু্ইজনকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন।
তিনি বলেন, ‘এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে একই হাউজিংয়ের ১১ নম্বর সড়কে অনুরূপ আরেকটি একটি ঘটনা ঘটে। সেখানে গণপিটুনিতে আরও একজন নিহত ও একজন আহত হন।
বুধবার বিকেলে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুই দিন আগে সোমবারই মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় ফাহিম নামে আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ওই দিন বিকাল সোয়া ৩টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ১২ নম্বর রোডের বুড়িগঙ্গা নদীর তীরের ওয়াকওয়েতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়ামিন ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরসখিনা গ্রামে।
এর আগে ১৭ আগস্ট পুরান ঢাকার লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম, ওরফে ‘কিলার বাবু’ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়।


