মেধাভিত্তিক নিয়োগের আহ্বান আসিফ মাহমুদের

মেধাভিত্তিক নিয়োগের আহ্বান আসিফ মাহমুদের
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া যায়নি।

মেধাভিত্তিক নিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, পক্ষপাতিত্ব মুক্ত এবং মেধাভিত্তিক হয়, তবে নিয়োগপ্রাপ্ত সকলেই আমাদের এবং দেশের সম্পদ হয়ে উঠবে।‘

শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি সদ্য যোগদান করা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘উৎকোচ বা ঘুষ ছাড়া আপনারা নিয়োগ পেয়েছেন, এখন কর্মক্ষেত্রে তার সঠিক প্রতিফলন ঘটাতে হবে। জনগণ ও সেবাপ্রার্থীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করা, এই আমার প্রত্যাশা।’

উপদেষ্টা আরও বলেন, ‘দেশের অন্যতম জাতীয় চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্র্য বিমোচন। মাঠ পর্যায়ে দারিদ্র্য বিমোচন এবং উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আপনাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

আরও পড়ুন

‘পিডিবিএফের নিয়োগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘদিন পর পিডিবিএফে নিয়োগ হয়েছে এবং অন্তর্বর্তী সরকার দেশের বেকারত্ব দূর করতে বদ্ধ পরিকর। প্রায় সকল মন্ত্রণালয়ে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে,’ যোগ করেন তিনি।

চলতি বছরের মার্চ মাসে ৩টি পদে ১ হাজার ৬৬৫ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিডিবিএফ। এই নিয়োগের মধ্যে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদে ১৫৫ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৩৩৫ জন এবং মাঠ কর্মকর্তা পদে ১ হাজার ১৭৫ জন রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইসমাইল হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হাসান।

পরে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিরপুরের পাইকপাড়া সরকারি ডি-টাইপ কলোনিতে অবস্থিত ‘বীর শহীদ আহনাফ গ্রন্থাগার’ উদ্বোধন করেন।

গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে তিনি স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শহীদ আহনাফ আপনাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, যা অত্যন্ত গর্বের বিষয়। আপনারা নিজেদের যোগ্য করে গড়ে তুলবেন এবং নতুন বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের দিকে যাবে না, এই হোক আমাদের অঙ্গীকার।’

বীর শহীদ আহনাফ আহমেদ বিএএফ শাহীন কলেজ, ঢাকার একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এ শহীদ হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad