মেট্রোরেল কর্তৃপক্ষ একটি নতুন নিয়ম প্রবর্তন করেছে। এর আওতায় এখন থেকে স্টেশনে প্রবেশ করার পর যাত্রী যদি যাত্রা না করে বেরিয়ে যান, তাহলে তার কাছ থেকে ১০০ টাকা কাটা হবে।
এর আগে, স্টেশনে প্রবেশ করার পর পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে গেলে যাত্রীদের কোনো ভাড়া দিতে হতো না, তবে নতুন নিয়মে সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে।
সোমবার থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মের বিজ্ঞপ্তি মেট্রোরেল স্টেশনগুলোর বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা শহরের কারওয়ান বাজার স্টেশনে এ বিষয়ে একটি নোটিশ দেখা গেছে।
নতুন নিয়মে অনেক যাত্রীর মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, এক স্টেশনে প্রবেশ ও বের হওয়া ফি অতিরিক্ত এবং এই নিয়মের কোনো যৌক্তিকতা নেই। যাত্রীরা মনে করছেন, এটি তাদের জন্য অযথা বিরক্তিকর হয়ে উঠেছে।
নতুন নিয়ম সম্পর্কে একটি সূত্র জানিয়েছে, এখন থেকে স্টেশনের ভেতরে বিনামূল্যে প্রবেশ বা বের হওয়া সম্ভব হবে না। সোমবার থেকে এটি কার্যকর হয়েছে।
ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, তিনি এই নিয়ম সম্পর্কে অবগত নন। তবে বর্তমানে তারা মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।
ডিএমটিসিএল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় প্রবেশ ও বের হওয়া বন্ধ রয়েছে। একই স্টেশনে প্রবেশ করে বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে–ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’
এ নিয়ম সম্পর্কে যাত্রীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামে একটি ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে অনেক প্রতিক্রিয়া উঠে এসেছে। অনেক যাত্রী বলছেন, যদি কেউ জরুরি প্রয়োজনে বা অসুস্থ হয়ে পড়েন, তাহলে তার জন্য এই নিয়ম অযৌক্তিক হতে পারে। তারা মনে করছেন, যদি ভাড়া ফাঁকি ঠেকানোর উদ্দেশ্যে এটি করা হয়ে থাকে, তবে অন্তত ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে।


