ঘরের মাঠে সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল ভারত। সেবার অবশ্য মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ছিটকে যেতে হয় শিরোপার দৌড় থেকে। সময়ের পালাবদলে আরো একটা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, প্রস্তুত ওয়াংখেড়ে। কেবল এবারের প্রতিপক্ষ ভিন্ন; ইংল্যান্ড। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে দুই দল।
সুপার এইটে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সুপার এইটের প্রথম ম্যাচে হেরে যাওয়াতে সেমিতে ওঠা নিয়ে খানিকটা দোলাচলে পড়ে যায় ভারত। যদিও উইন্ডিজের বিপক্ষে সানজু স্যামসনের ৯৭* রানের দারুণ এক ইনিংসে সেমি নিশ্চিত হয় তাদের।
অবশ্য বিশ্বকাপের নক আউট ম্যাচে ভারত-ইংল্যান্ড পরিচিত প্রতিপক্ষই। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংলিশরা, সেবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। পরের আসরের সেমিফাইনালেও দেখা হয় দুই দলের। সেবার সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতে দ্বিতীয় শিরোপা।
প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। আগামী ৮ মার্চ আহমেদাবাদে তাদের মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।


