নরসিংদীর মাধবদীতে ১৩ বছরের কিশোরী ও এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় যুবক আওলাদ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ধর্ষণের দুই ঘটনা জানাজানির পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, গত সোমবার দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আওলাদ হোসেন (২৬) বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে। তাকে আটকের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ২০ টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীর মাধ্যমে ডেকে নিয়েই গ্রামের বাক-প্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করা হয়।
প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনাটি তার মাকে জানালে বিষয়টি সবার সামনে আসে।
মঙ্গলবার রাতে তরুণীর পরিবার ১০-১২ জন এলাকাবাসীকে নিয়ে মাধবদী গিয়ে থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। বুধবার নির্যাতনের শিকার দুই কিশোরীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি নেওয়া, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


