সাভারে মাদকসংশ্লিষ্টতায় জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তার নাম মাসুদুর রহমান।
সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) রাজিব মিনা স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) জেরিন সুলতানা ও কনস্টেবল আবদুল্লাহ আল মাসুমকে সাভারের আইচানোয়াদ্দা এলাকার চিহ্নিত মাদক কারবারি শামীম মারধর করে। পরে ক্ষমা চেয়ে ছাড়া পান তারা।
এ ছাড়া আশুলিয়ার বুড়ির বাজার সংলগ্ন একটি গাঁজার স্পট থেকে মাসোহারা আনতে গিয়ে মাদক কারবারি পারভীন, তার মেয়ে মুক্তি ও তাদের লোকজন এবং মাদকসেবীদের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন কর্মী আহত হন।
উল্লেখ্য, সাভার পৌর এলাকার পালোয়ান পাড়ায় মাদক কারবারি শামীমের স্পটে সম্প্রতি দুই টেলিভিশন সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা। ওই ঘটনায় ইতিপূর্বে চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।


