মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট ও সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তদন্তের সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে অনিয়মের অভিযোগ যাচাইয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে সরবরাহ, ভোক্তা অধিকার নিশ্চিত করা, জলাশয়ে অভয়াশ্রম স্থাপন এবং উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাজার তদারকি জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সামুদ্রিক মৎস্য অনুসন্ধান ও আহরণ এবং আন্তর্জাতিক বাজারে মৎস্য রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরে মন্ত্রণালয়।
এ ছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও সংস্থার চলমান নিয়োগ কার্যক্রমের অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, এম এ হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা উপস্থিত ছিলেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদও বৈঠকে অংশ নেন।
এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


