মাগুরার শালিখা উপজেলায় একটি ইটভাটার দেয়াল ধসে মো. সালমান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার শতখালী গ্রামের শাহী দরবার ব্রিকস নামের একটি ভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সালমান প্রতিদিনের মতো তার স্ত্রীকে নিয়ে ইটভাটায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ ইটভাটার ক্লিনের একটি দেয়াল ভেঙে তার গায়ের ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থায় প্রায় আধা ঘন্টা পর সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।
ইটভাটার মালিক মো. সিদ্দিকুর রহমান জানান, দুপুরে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গেলে একজন শ্রমিককে দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখেন তিনি। পরে ফায়ার সার্ভিসের সাহায্যে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান তিনি।


