মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এলে পটুয়াখালী থেকে ছেড়ে আসা একটি তরমুজ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি গাড়ির চালকসহ অন্তত ১৫ জন আহত হয়। দুর্ঘটনার পর ওই মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
তবে, আহতদের পরিচয় এখনো জানা যায়নি। সড়ক থেতে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিই এই দুর্ঘটনার কারণ।’
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, ‘বাস ও ট্রাক সংঘর্ষে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


