বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ।
রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক লোহানী মো. তাজুল ইসলামসহ চিকিৎসক, শিক্ষক ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে তৌহিদুর রহমান আউয়াল বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৭৮৭ দিন অবস্থান করেছেন তিনি। খালেদা জিয়া মুক্ত হওয়ার পরই বাসায় যান। সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রিজভী।
তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে বিরামহীন পরিশ্রম করতে গিয়ে গত ১০ ফেব্রুয়ারি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন রিজভী। দল-অন্তঃপ্রাণ এই নেতার পরিপূর্ণ সুস্থতা এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।


