হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হাম ও উপসর্গে ৩৯ শিশু মারা গেল।
নতুন করে ভর্তি হয়েছে ১৬ শিশু এবং ২৯ শিশু সুস্হ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে ৬২ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের হাম ইউনিটের ফোকালপারসন ডা. গোলাম মাওলা জানান, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সময়ে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায়। তাদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের ছয় মাস বয়সী ছেলে শিশু গত ১৯ মে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং সোমবার বিকালে মারা যায়।
অপরজন নেত্রকোনার মোহনগণ্জ উপজেলার দেওথান গ্রামের ১০ মাস বয়সী ছেলে শিশু গত ২০ মে ভর্তি হয় এবং মঙ্গলবার ভোরে মারা যায়।
গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট এক হাজার ৬০৯ শিশু ভর্তি ও এক হাজার ৫০৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
হাম আক্রান্ত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ শিশু চিকিৎসাধীন রয়েছে ।


