ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে তিনি রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ভূমি ভবনে উপস্থিত হয়ে নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে নাগরিকরা কীভাবে সেবা পাচ্ছেন, তা খতিয়ে দেখেন।
এসএ খতিয়ান, আরএস খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহ করতে আসা সেবা গ্রহীতাদের সঙ্গে তিনি কথা বলেন।
সেবার মান, সময় এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে তিনি তাদের কাছ থেকে সরাসরি মতামত নেন।
মীর হেলাল উদ্দীন বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


