ঢাকায় ভুয়া সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণার ঘটনা বাড়ার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রতারক চক্র ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে এবং সেগুলোর মাধ্যমে বিশ্বাস অর্জন করে প্রতারণার চেষ্টা চালাচ্ছে।
সেনাবাহিনী স্পষ্ট করে জানায়, তাদের পক্ষ থেকে বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করা হয় না।
কোনো ব্যক্তি যদি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে বা অসৎ উদ্দেশ্যে সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।


