ভার্চুয়াল আদালতের প্রতিবাদে কালো ব্যাজ পরবেন আইনজীবীরা

ভার্চুয়াল আদালতের প্রতিবাদে কালো ব্যাজ পরবেন আইনজীবীরা
Advertisement
Advertisement

ভার্চুয়াল মাধ্যমে (অনলাইন) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম চালুর প্রতিবাদে বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছেন আইনজীবীরা।

বুধবার ভার্চুয়ালি বিচার কার্যক্রম ও আদালতের সংক্ষিপ্ত কার্যতালিকা প্রণয়নের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা। একই সঙ্গে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ারও প্রতিবাদ জানান তারা।

মিছিলে ‘ভার্চুয়াল কোর্ট মানি না’, ‘ভার্চুয়াল না অ্যাকচুয়াল-অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল’ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স কোর্ট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে আইনজীবী সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, মাহবুবুর রহমান খান, আশরাফুল ইসলাম, মাকসুদ উল্লাহ, মোস্তফা তাজ, আনিসুর রহমান রায়হান।

সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘আপিল বিভাগের বিচার কক্ষে ক্যামেরা ট্রায়ালের মতো সাংবাদিকরা প্রবেশ করতে পারেন না, এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’

আরও পড়ুন

বক্তারা অভিযোগ করেন, সংসদে সরকার জানিয়েছে দেশে কোনো জ্বালানির সংকট নেই। তবু জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে ভার্চুয়ালি কোর্ট চালু করা হয়েছে।

এক আইনজীবী বলেন, ‘আমরা ভার্চুয়াল কোর্ট মানি না। আদালতের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ভার্চুয়ালি শুনানি করে মামলায় প্রকৃত অর্থে ন্যায়বিচার হয় না। মামলার মেরিট উপস্থাপন করা যায় না। ফলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। এভাবে আদালতের কার্যক্রম চললে আইনজীবী সমাজ ও জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষেপে যাবে। সেই ষড়যন্ত্র করা হচ্ছে।’

বুধবারের মধ্যে ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহস্পতিবার থেকে কালো ব্যাজ ধারণসহ এ বিষয়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ার দেন তারা।

বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার থেকে মঙ্গলবার শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।

এই নির্দেশনা ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

এর আগে ভার্চুয়াল আদালত চালুর প্রতিবাদে ও সপ্তাহের প্রতি কার্যদিবসেই আইনজীবীদের শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম চালুর দাবিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad