অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে ৭ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর থানার নইগাঙের মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকেরবাজার গ্রামের মানিক আহমেদ, চানপুর গ্রামের সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের আল আমিন, শাল্লা থানার শ্রীহাই গ্রামের বাদশাহ মিয়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার রেস্টলি ব্লাহ।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, এই বাংলাদেশিরা বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ করেন তারা। পরবর্তী সময়ে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ৭ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।


