কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই দুই বাংলাদেশি যুবক হলেন- নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চরের ডুমুরদহ গ্রামের সোলেমান সরকার (৩৪) ও ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।
বিজিবি জানায়, গত রোববার কুড়িগ্রামের নাগেশ্বরী বিজিবি চৌদ্দঘুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুই বাংলাদেশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ‘ভুলক্রমে’ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের আটক করে বিএসএফ। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা চৌদ্দঘুড়ি বিওপিকে জানালে তারা আটক ব্যক্তিদের ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেন।
তারই ধারাবাহিকতায় বিএসএফের সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান করে বিজিবি।
সোমবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক বসে। ওই বৈঠক শেষে রাত ৮ টার দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক বাংলাদেশি দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, ‘ফেরত দুই যুবককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, ‘ওই দুই যুবকের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিজিবির উপস্থিতিতে তাদেরকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’


