‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরতে’র দাবিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
বুধবার বেলা ১১ টায় ঢাকার মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হবে এই কর্মসূচি। যার নেতৃত্ব দেবেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
মঙ্গলবার দুপুরে পল্টনে দলের সাংগঠনিক সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রাশেদ প্রধান বলেন, ‘ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা আগামীকাল ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাব। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে।’
স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।
জাগপা মুখপাত্র বলেন, ‘এই ঘেরাও কর্মসূচির মাঝে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
কর্মসূচির কারণে সংশ্লিষ্ট এলাকায় যানজট সৃষ্টি হতে পারে তাই এলাকাবাসীর কাছে আগে থেকেই ক্ষমা চেয়েছেন তিনি।
সাংঠনিক সভায় আরও বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দসহ অন্যরা।


