বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি বাদীর সাথে জামিনের আপোষের শর্ত ভঙ্গ করেছেন। বিয়ে করার কথা থাকলেও, আসামি জামিনে মুক্তি পেয়ে আর বিয়ে করেননি। টাকাও ফেরত দেননি। এজন্য আমরা তার জামিন বাতিলের প্রার্থনা করি। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত বাদীর সাথে আসামির আপোষের শর্তে আজ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে। গত ৩ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর গত ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে আসামি নোবেল প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে বিয়ে প্রতিশ্রুতি দেন। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে নোবেল তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরবর্তীতে সেই টাকা তিনি আর ফেরত দেন নি।
২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে, নোবেল ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানার একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।


