বাংলাদেশের বর্তমান সমাজে দুর্নীতিবাজদের শাস্তি হয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন(দুদক) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, আগে দুর্নীতিবাজদেরকে অন্যরা এড়িয়ে চলতো। এমনকি তাদের সঙ্গে ছেলেমেয়ের বিয়ে দিতেও দ্বিধা বোধ করতো। আর এখন দুর্নীতিগ্রস্তদের সঙ্গে বিয়ে দিতে মানুষ লাফিয়ে পড়ে। কারণ টাকাপয়সা থাকলেই হলো, দুর্নীতি কোনো ব্যাপার না।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন দুর্নীতিবাজদের কোনো দায়বদ্ধতা নেই। এমনকি তাদের শাস্তিও হয় না। ‘তাদের ছেলেমেয়েরা মহানন্দ করে বেড়ায়। কারও কারও সন্তান নাকি সকালের নাশতার পেছনেই ৫ থেকে ১০ হাজার টাকা খরচ করে’-মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে সামাজিক সচেতনতা না থাকলে দুর্নীতি দূর হবে না।
অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি নিয়ে গণভোট হলে শতভাগ মানুষ দুর্নীতির বিপক্ষে থাকবে। অথচ এরপরও দুর্নীতি হচ্ছে।
আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবের পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে দুদক চেযারম্যান বলেন, এ থেকেই অনুমান করা যায় দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোথায় পৌঁছেছে।


