আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে মোট বরাদ্দ ২০ হাজার ১৬৪ কোটি টাকা ধরা হচ্ছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ২০ হাজার ৬৫৮ কোটি টাকার তুলনায় সামান্য কম, তবে মূল বাজেটের ১৫ হাজার ১৩ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্য বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে প্রকৃত ব্যয় হয়েছিল ১০ হাজার ৬৩০ কোটি টাকা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আসন্ন বাজেটে মন্ত্রণালয়টির জন্য বরাদ্দ ১৮ হাজার ১১৫ কোটি টাকা প্রস্তাব করা হতে পারে। এর মধ্যে পরিচালন ব্যয় ৭১১ কোটি এবং উন্নয়ন ব্যয় ১৭ হাজার ৪০৪ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মন্ত্রণালয়টির বরাদ্দ ছিল ১৭ হাজার ৭৯২ কোটি টাকা। ২০২৪-২৫ সালে প্রকৃত ব্যয় হয়েছে ৯ হাজার ২৪৫ কোটি টাকা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চিত্র কিছুটা ভিন্ন। আসছে বাজেটে এ বিভাগের বরাদ্দ হতে পারে ২ হাজার ৪৯ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ২ হাজার ৮৬৬ কোটি টাকার চেয়ে কম। পরিচালন খাতে ২৯৯ কোটি এবং উন্নয়ন খাতে ১ হাজার ৭৫০ কোটি টাকা রাখা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিভাগটির প্রকৃত ব্যয় ছিল পরিচালন খাতে ২১৯ কোটি ও উন্নয়ন খাতে ১ হাজার ২২৬ কোটি টাকা, সর্বমোট ১ হাজার ৪৪৫ কোটি টাকা।
সব মিলিয়ে ২০২৬–২৭ অর্থবছরে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতের মোট বরাদ্দ ২০ হাজার ১৬৪ কোটি টাকা ধরা হচ্ছে, যা সরকারের গবেষণা, উদ্ভাবন, পারমাণবিক শক্তি, মহাকাশ প্রযুক্তি এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বাস্তবায়নে ব্যয় করা হবে।


