বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে এক তরুণ নিহত হওয়ার ঘটনার মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন। এর ফলে খায়রুল হকের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সৈয়দা সাজিয়া শারমিন।
এর আগে, গত ৩০ জুন হাইকোর্ট রুল জারির পাশাপাশি খায়রুল হকের জামিন মঞ্জুর করে। একই মামলায় ২১ জুন বিচারিক আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে। পরে তিনি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে খোবাইব (২০) নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮০ জনকে আসামি করা হয়। এই মামলার অন্যতম আসামি বিচারপতি খায়রুল হক।
গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।


