বোসনিয়ার বিপক্ষে ভিএআর রিভিউতে স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো। এই বহিষ্কারের কারণে আগামী সপ্তাহে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না বালোগান।
যুক্তরাষ্ট্রের ২-০ ব্যবধানের জয়ের ম্যাচটিতে প্রথম গোলটি করেন বালোগান। ম্যাচের ৬৪ মিনিটে বোসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমেভিচের পায়ের পেছনে মাড়ানোর অভিযোগে তাকে লাল কার্ড দেখানো হয়।
ভিডিওতে দেখা যায়, বল দখলের লড়াইয়ে বালোগানের পা প্রতিপক্ষের অ্যাঙ্কেলে লেগেছিল। তবে পচেত্তিনোর দাবি, এটি দুর্ঘটনাবশত ঘটেছে। তিনি বলেন, ‘এটি কোনোভাবেই লাল কার্ড হতে পারে না। ইচ্ছাকৃতভাবে মাড়ানোর কোনো উদ্দেশ্য তার ছিল না।’
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিকও কোচের সঙ্গে একমত পোষণ করে সিদ্ধান্তটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন।
ফিফার নিয়ম অনুযায়ী, লাল কার্ডের কারণে বালোগান পরের ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ থাকবেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। পচেত্তিনো আপিলের সুযোগ থাকা উচিত বলে মনে করলেও, এখন বিকল্প খেলোয়াড় নিয়ে ভাবছেন। বালোগানের অনুপস্থিতিতে পিএসভি আইন্দহোভেনের রিকার্ডো পেপিকে দলে দেখা যেতে পারে।
চলতি বিশ্বকাপে তিন গোল করা মোনাকো স্ট্রাইকার বালোগান যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড থেকে মাত্র দুই গোল দূরে আছেন।
কোচ পচেত্তিনো বলেন, ‘সে খুবই হতাশ, কারণ ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল। তবে দল কোয়ালিফাই করায় সে খুশি। আশা করি আমরা পরের রাউন্ডে যাব এবং তাকে আবার দলে পাব।’


