বান্দরবান শহরের উজানী পাড়ায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে একটি ঐতিহ্যবাহী খাবারের রেস্টুরেন্ট ‘রিখ্যাইং’সহ চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
রোববার মধ্যরাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মধ্যরাত সাড়ে ৪টার দিকে এলাকাবাসী আগুনের ঘটনা টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য কাজ চলছে।
উজানী পাড়া এলাকার বাসিন্দা ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাওয়াই প্রু জানান, ভোর সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের রিখ্যাইং রেস্টুরেন্টের আশপাশে আগুনের লেলিহান শিখা দেখতে পান তিনি।
সেখানকার ঘরবাড়ি কাঠ ও বাঁশের তৈরি হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে উল্লেখ করে তিনি জানান, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


