বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠককালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমান সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এই বিশাল লক্ষ্য অর্জনে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগের আনুষ্ঠানিক আহ্বান জানান।
মন্ত্রী আশ্বস্ত করেন, এ খাতে বিনিয়োগকারীদের জন্য সরকার সব ধরনের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করবে।
কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান সুদৃঢ় বন্ধুত্বের প্রশংসা করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। কানাডায় বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী উভয় দেশের অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তিনি তারও স্বীকৃতি দেন।
হাইকমিশনার আরও জানান, কানাডার বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশের এগ্রি-ফুড, ফিনটেক এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে কানাডীয় প্রযুক্তি ও বিনিয়োগের সমন্বয় ঘটলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উভয় পক্ষই নিয়মিত আলোচনার মাধ্যমে বিদ্যমান বাণিজ্যিক বাধাগুলো দূর করে সামনের দিনগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।


