বাংলাদেশে আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন ও প্রশিক্ষিত চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেছে জাপানের কান্টো গ্রুপ।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কান্টো গ্রুপের প্রতিনিধিদল এই প্রস্তাব তুলে ধরে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদলে ছিলেন কান্টো গ্রুপ পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে এবং কান্টো ড্রাইভিং স্কুল প্রিন্সিপাল আকিরা কাকিজাকি।
জাপানে দক্ষ গাড়িচালকের উচ্চ চাহিদার কথা তুলে ধরে প্রতিনিধিদল জানায়, এই চাহিদা পূরণে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি ড্রাইভিং স্কুল স্থাপন করতে চায় তারা।
সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের জাপানি ভাষা ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতায় প্রস্তুত করে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও তারা তুলে ধরে।
জাপানের শ্রমবাজারের উপযোগী করে দক্ষ জনবল তৈরিতে সরকার বদ্ধপরিকর, বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশি যুবকদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রস্তাবটি বিস্তারিত আকারে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এতে উদ্যোগটির সম্ভাব্যতা যাচাই করে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। সাক্ষাতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


