মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় তাকে সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।
জানা গেছে, অভিযানে মানিকদহ চক এলাকায় একটি এস্কেভেটর দিয়ে মাটি কাটার কাজ এবং একটি ট্রলিতে মাটি পরিবহনের প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে আশরাফ আলী মোল্লার ছেলে মো. রনি মোল্লাকে (২৬) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাখন বিশ্বাসের ছেলে মো. মারুফ হোসেন (২৪) এবং আ. ছাত্তারের ছেলে মো. লুৎফর রহমানকে (২৮) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর এবং একটি ট্রলি জব্দ করে অকেজো করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে ফসলি জমি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


