প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ এপ্রিল সিলেট সফরে যাবেন। সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে দেশের ৬৪ জেলায় একযোগে এ কর্মসূচি উদ্বোধন করবেন তিনি।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন তিনি। অবশ্য এই সিলেট থেকেই নির্বাচনী প্রচারের কাজ শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে এসব তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। একটি ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ নির্মাণই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান নাচন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা।


