নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে রায়হান নিজ বাড়ির পাশের পাকা সড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বধলা থেকে জারিয়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


