জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বহিষ্কৃত শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর শাখার সাবেক নেতা আল মাহমুদ দীপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর জঙ্গলপাড়া এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
দীপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং এ এফ এম কামালউদ্দিন হলে থাকতেন। এর আগে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সম্প্রতি দীপু সক্রিয় হন। গাইবান্ধা জেলা জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে নজরদারি বাড়ায় এবং তাকে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা জানান, দীপুর বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফুলপুকুরিয়া বাজার এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়ও জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে দীপুকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হবে।


