মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরগুনা জেলার ৬ উপজেলা, ৪ পৌর ও ৪২ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার সকালে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ায় বরগুনা জেলার আওতাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই নতুন করে বরগুনা জেলার সংশ্লিষ্ট সব ইউনিটের কমিটি পুনর্গঠন করে ঘোষণা দেওয়া হবে।
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে বিলুপ্তির খবরে বরগুনা জেলায় কর্মী-সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সংগঠনকে আরও সুসংগঠিত করার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ হঠাৎ করে বিলুপ্তির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।
এদিকে বিলুপ্ত কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত যোগ্য ও সক্রিয় নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি।


