ঢাকার বনানীতে স্পা সেন্টারের আড়ালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে বাধ্যতামূলক যৌনবৃত্তি করানোর অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় সাতজন অপ্রাপ্ত বয়স্কসহ ১২জন ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে বনানী ‘রিলাক জোন বিউটি পার্লার এন্ড সেলুন’ এ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট।
গ্রেপ্তারকার হওয়া ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর আলম (৩৭), জহিরুল (৩৩), মো. রাকিবুল ইসলাম (২৫), গোলাম মোর্শেদ ওরফে সৌমিক (২৬), মো. রাব্বি ইব্রাহীম (২৩) ও শ্যামল কুমার (৪৭)।
এঘটনায় পুলিশের দায়ের করা মামলায় স্পা সেন্টারের মালিক ও ভবনের মালিকসহ গ্রেপ্তারকৃতদের আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, বনানী এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘রিলাক জোন বিউটি পার্লার এন্ড সেলুন’ নামের স্পা সেন্টারটি পরিচালনা করা হতো। অভিযানকালে ফ্ল্যাটটির একাধিক কক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে নানা প্রলোভন দেখিয়ে নিয়ে আসা ও অনৈতিক কার্যকলাপের উদ্দেশ্যে জড়ো করে রাখা অল্পবয়স্ক নারীদেরকে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের অল্পবয়স্ক মেয়েদের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উচ্চ বেতনের চাকরি, বিউটি পার্লারে নিরাপদ কাজ ও থাকার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় আনা হতো।


