মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়ে থাকলেও এবার এর ব্যতিক্রম হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এর পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সেখানে মন্ত্রীদের শপথ পড়াবেন।
বঙ্গভবন, জাতীয় সংসদ ও বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই শপথ অনুষ্ঠানে ১ হাজারের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বঙ্গভবনে ছয়শ’র বেশি মানুষকে জায়গা দেওয়া কঠিন। তাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
ইতোমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়।


