ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট থানা পুলিশ। তারা হলেন সিফাত মোল্লা (২৫) ও মাসুম বেগ (২৫)।
পুলিশ জানায়, গত ৫ জুলাই এক ব্যক্তি ফেসবুকের ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামের পেজে ইলিশের বিজ্ঞাপন দেখে পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন নম্বরে টাকা পাঠিয়ে তিনি প্রতারকদের হাতে প্রায় দুই লাখ টাকা হারান। ঘটনার পর ভুক্তভোগী নিউমার্কেট থানায় মামলা করেন।
মামলার তদন্তে প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ। বুধবার নড়াইলের রতনগঞ্জ বাজার থেকে সিফাত মোল্লাকে এবং বৃহস্পতিবার ভোরে কালিয়া থেকে মাসুম বেগকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়।
পুলিশ বলছে, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


