ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। বাতিল করার পক্ষে যুক্তি ছিল মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া সমর্থকদের মধ্যে দুজন ভোটারের তথ্য ঠিক নেই। আইন অনুযায়ী কোন এলাকার মোট ভোটারের এক শতাংশ সমর্থকের সাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিতে হয়। এর মধ্য থেকে দৈবচয়নে বাছাই করা ১০ জন ভোটারের তথ্য ও সাক্ষর যাচাই করেন রিটার্নিং অফিসার।
রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার পর বৃহস্পতিবার এর শুনানি হয়। শুনানিতে সংশ্লিষ্ট দুই ভোটার হাজির হয়ে তাদের সাক্ষরসহ সকল তথ্য সঠিক বলে হলফনামা দেন।
পরে আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।


