ফরিদপুরের নগরকান্দায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। পরে গুরুতর আহত অন্য যুবককে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালী থেকে একটি মোটরসাইকেলে করে ইব্রাহিম ও রাজন ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে নারানখালী ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাজন ঘটনাস্থলে নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক ইব্রাহিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়িটিতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও প্রাইভেট কার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর কিছুসময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


