পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান হতে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এখন থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও।
বুধবার সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সময় এসব কথা জানান শিক্ষামন্ত্রী। এসময় সারা দেশের সব বিভাগের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সরকারি প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলও অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য থাকবে বৃত্তির ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনের জন্য থাকবে বৃত্তির ২০ শতাংশ।’
২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত না হওয়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা এ বছর নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘ঈদের পর এপ্রিল মাসে পরীক্ষাটি নেওয়ার পরিকল্পনা চলছে।’
গত বছরের ডিসেম্বরে দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় মোট বৃত্তি পায় ৪৬ হাজার ২০০ জন।
এর মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
আগামী বছর জুনিয়র বৃত্তির সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

