স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান।
শুক্রবার সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা প্রশাসন জিআর চাল ও ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে মঈন খান বলেন, ‘এখানে যারা প্রশাসনে কাজ করেন, আপনাদের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই। আপনারা দেশের মানুষের জন্য কাজ করবেন। ব্রিটিশ সিভিল সার্ভিসের মডেলে প্রথমে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি হয়েছিল, পরবর্তীতে তার অনুসরণে বাংলাদেশ সিভিল সার্ভিস গঠিত হয়েছে।’
‘সরকারি কর্মকর্তারা কোনো দলের সদস্য নন, তারা মানুষের সেবায় কাজ করবেন। নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা এবং কর্মকর্তারা সেটা বাস্তবায়ন করবেন। নীতি নির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়। দেশের জনপ্রশাসন যেভাবে কলুষিত হয়েছে, সেই কলুষ থেকে একে মুক্ত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের সমর্থন ব্যতীত কেবল মাত্র গায়ের জোরে অথবা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। দেশের মানুষ অত্যন্ত সহজ-সরল, তারা কোটি কোটি টাকা চায় না। বিগত স্বৈরাচারী সরকারের নেতারা কীভাবে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তা সবাই দেখেছেন। ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থ পাচার না হলে এ দেশের মানুষের উন্নয়নের কাজে লাগত। ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে এবং এ দেশের প্রশাসনকে কলুষিত করা হয়েছে।’
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল।


