প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
বার্তা সংস্থা বাসস জানায়, প্রধান উপদেষ্টার সম্মানে আনোয়ার ইব্রাহিম এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সদস্যরা মধ্যহ্নভোজে যোগ দেন।

এসময় মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে স্কুলের শিক্ষার্থীরা তাকে অভিবাদন জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরে এসে পৌঁছান।
মঙ্গলবার সকালে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা, জ্বালানি, উচ্চশিক্ষা, হালাল পণ্য খাত, গবেষণা এবং বাণিজ্য সহযোগিতা জোরদারে এসব সমঝোতা ও নোট ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় সকাল ৯টায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান।
সেখানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন।


