প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ-প্রেস সচিব (ডিপিএস) পদে চার সাংবাদিককে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এ কে এম নাজমুল হককে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব (এপিএস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), জাহিদুল ইসলাম রনি এবং মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) পদে নিয়োগ পেয়েছেন। তাদের ক্ষেত্রেও চুক্তিভিত্তিক নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। তবে উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন নির্ধারণ করে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।
নবনিযুক্ত ডিপিএস মোস্তফা জুলফিকার হাসান একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক সমকাল, কালের কণ্ঠ ও আমাদের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাব-এর ম্যানেজিং কমিটির সদস্য। পাশাপাশি তিনি পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) ভাইস-প্রেসিডেন্ট ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইউএনবি, দৈনিক দিনকাল ও দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) বাংলা ভিশনে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইঞ্জিনিয়ার ইশরাকের মিডিয়া সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।


