নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল মাসে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের নাহিদ রানা। সেই ধারাবাহিকতায় মনোনীত হন আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্যও। বৃহস্পতিবার এলো ফলাফল, প্রথমবারের মতো আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের এই ডানহাতি এক্সপ্রেস পেসার।
ঠিক এক বছর পর বাংলাদেশের কোনো পুরুষ ক্রিকেটার এই পুরস্কার পেলেন। গত বছরের এপ্রিলে মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ। এবার চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজে ১৬.৭৫ গড়ে ৪.৪৬ ইকোনমিতে ৮ উইকেট নেন নাহিদ। সিরিজের প্রথম ম্যাচে ৬৫ রান দিয়ে এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে গতির ঝড় তুলে ৩২ রানে নেন ৫ উইকেট। তৃতীয় ম্যাচে নেন আরো এক উইকেট।
এই পুরস্কার পেয়ে আইসিসিকে নাহিদ বলেন, ‘খুব দারুণ লাগছে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়ে, তাও নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের একটা দলের বিপক্ষে পারফর্ম করে। বিশেষ করে ঘরের মাঠে এই পারফরম্যান্সটা করতে পারায় আরো ভালো লাগছে। দলের সবার কাছে কৃতজ্ঞ, যেভাবে সবাই বিশ্বাস রেখেছে, ভরসা করেছে। আশা করি দলের জয়ে আরো অবদান রাখতে পারব।’
এপ্রিলের সেরা হওয়ার দৌড়ে রানা পেছনে ফেলেছেন ওমানেরর যতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে।


