প্রত্যেক থানায় ‘ফ্যাসিস্টদের তালিকা’ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, ‘তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
রোববার দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অপারেশন ডেভিল হান্ট” না থাকলেও এর কর্মতৎপরতা বন্ধ হয়নি।’ জামিনে ছাড়া পাওয়া অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। থানা থেকে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ত্বরান্বিত করার জন্যও উপদেষ্টা নির্দেশ দেন।
তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়ে বলেন, ‘রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকতে হবে। ধৈর্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সবকিছু মোকাবিলা করতে হবে। আমরা কাজ-কর্মে যত স্বচ্ছ থাকবো, সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারবো।’
উপদেষ্টা কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করতেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচন শান্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। অতীতের বাজে নির্বাচন ভুলে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপনের ওপর জোর দেন তিনি। একইসঙ্গে সমাজ থেকে দুর্নীতি ও মাদক কমানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘মাদক, জুয়া ও মেলার অনুমতি বন্ধ থাকবে। সড়ক ও পরিবহনে, বাজারে চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে। সামনের দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে হয়, গত বছরের মতো এ বছরও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।


