জুলাই সনদ সইয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলায় ‘জুলাই যোদ্ধারা’ জড়িত থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সেখানে আওয়ামী ফ্যাসিবাদীরাও অনুপ্রবেশ করতে পারে। তবে সত্যিকার “জুলাই যোদ্ধারা” এতে জড়িত থাকতে পারেন না।’
রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই বিএনপি নেতা জানান, জুলাই সনদের বিষয়ে তার বক্তব্য বিকৃত নয় বরং কাটছাঁট করা হয়েছে।

শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল যুবক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়।
পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা পরিনত হয় ‘রণক্ষেত্রে’। এতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের ওই ঘটনার জেরে পাঁচটি মামলায় প্রায় নয়শ’জন অজ্ঞাতনামাকে আসামি করাে হয়েছে।
জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সব রাজনৈতিক দলের ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। এটি আমাদের জাতীয় জীবনের শক্তি। জুলাই সনদে এর সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার চেষ্টা করা হয়েছে। কোনোভাবেই তারা যাতে বিতর্কিত না হয় সেই চেষ্টাই করেছি।’
‘বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো চেষ্টা সফল হবে না’ হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যকে স্বাগতও জানাই।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘দেশে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা একইসূত্রে গাঁথা। অনেকেই মনে করেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।’
এ সময় বিএনপির বক্তব্য কাটছাঁট করে অপব্যাখ্যা করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।


