সিরাজগঞ্জ পৌর এলাকায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি মামলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান একথা জানান।
আসামি জুয়েল শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়ার বাসিন্দা।
তদন্ত কর্মকর্তা বলেন, রোববার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে জুয়েল শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে, ৯ ডিসেম্বর স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বড় বোন। পরে সেটি মামলা হিসেবে রুজু করা হয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখের সঙ্গে স্কুল ছাত্রীর প্রায় ১১ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে স্কুলছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে স্কুলছাত্রী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তিনি জানায়, সে দলীয় পদ পাওয়ার পরে বিয়ে করবে। এরই মধ্যে তিনি দলীয় পদ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে ১১ মাসের সব তথ্য মুছে দেন।
পরবর্তীতে ওই স্কুল ছাত্রী ছাত্রদল নেতাকে বিয়ের কথা জানালে সে বিয়ে করতে অস্বীকার করেন। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় স্কুলছাত্রী ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানায়। এ সময় তার পরিবারের লোকজন স্কুলছাত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। একই সঙ্গে হুমকি দেয় যে, পুনরায় তাদের বাড়িতে গেলে স্কুলছাত্রীর জীবন শেষ করে দেবে।


