পোস্টাল ব্যালটে ভোট দিতে ৫৪ হাজার ৫৭৭ প্রবাসীর নিবন্ধন

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৫৪ হাজার ৫৭৭ প্রবাসীর নিবন্ধন
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত মোট ৫৪ হাজার ৫৭৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত ‘পোস্টাল ভোটিং আপডেট তথ্য’ থেকে এ সংখ্যা জানা গেছে। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ২৭৫ জন এবং নারী ভোটার ৮ হাজার ৩৩৭ জন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রের ১০ হাজার ৮৫৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৯২২ জন, জাপানে ৬ হাজার ২২১ জন, কানাডায় ৬ হাজার ১৩৭ জন, অস্ট্রেলিয়ায় ৫ হাজার ৯৯ জন,  দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ২৪২ জন, চীনে ১ হাজার ৬৯২ জন, সিঙ্গাপুরে ১ হাজার ৩৪৪ জন এবং সৌদি আরবে ১ হাজার ৫৮ জন ভোটার রয়েছেন।

বুধবার রাতে নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন

নিবন্ধনের বিষয়ে ইসি সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করা হয়। পরে প্রত্যেক অঞ্চলকে পাঁচ দিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধন করার ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই সীমাবদ্ধতাকে বাতিল করা হয়েছে।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়। ২৭ নভেম্বর থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, ‘পাঁচ দিনের যে সময়সীমা ছিল, সেটা আর প্রযোজ্য থাকবে না। এখন আর কারো জন্য কোনো বাধা নেই।’

আখতার আহমেদ আরও জানান, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দিচ্ছে।

এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, যেখান থেকে ভোট প্রদান করবেন। ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর