ফাতেমা তুয যাহরা ঐশী সংগীত ও চিকিৎসা পেশার পাশাপাশি পাবলিক হেলথ ম্যানেজমেন্টে মাস্টার্সের শেষ পর্যায়ে রয়েছেন। এ ব্যস্ততার মধ্যেও শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছেন এই শিল্পী। তার জনপ্রিয় গান ‘আমারে নাও’-এর একটি লাইভ পিয়ানো ভার্সন খুব শিগগির প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসা এবং নিজের টান থেকেই হঠাৎ এই পরিকল্পনা করেছি। আশা করছি খুব শিগগিরই নতুন ভার্সনটি প্রকাশ করতে পারব।’
গানের ধরন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি নিজেকে কোনো নির্দিষ্ট ঘরানায় সীমাবদ্ধ রাখতে চাইনি। বরং বিভিন্ন ধরনের গান শেখা ও গাওয়ার চেষ্টা করেছি।’
তার ভাষায়, শ্রোতারা যেমন তার বাণিজ্যিক গান গ্রহণ করেছেন, তেমনি ‘মায়া রে’ ও ‘না থাকলে সংসারে’-র মতো ভিন্নধর্মী গানও সমানভাবে ভালোবেসেছেন। নতুন নতুনভাবে নিজের কণ্ঠকে উপস্থাপন করতে তিনি সবসময়ই আগ্রহী।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ঐশী বলেন, ‘নিজেকে আরও ভাঙতে চাই। আমার কণ্ঠের সঙ্গে মানানসই বিভিন্ন ঘরানার গান গাইতে চাই। এমন কিছু কাজ করতে চাই, যা মানুষের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।’


