ডাকাতির সময় পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরও এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তাদের ধাওয়ায় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে শনিবার রাতে ডাকাতির ঘটনাটি ঘটে।
দুলালের ভাই অমলেশ চন্দ্র রায় জানান, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের দুল ও হাতের বালাসহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে গণপিটুনিতে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে আটককৃত সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক রাধা রমনের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।


